রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এসময় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন।

পরে ওই রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “ঘটনায় আমাদের অন্তত ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া বিক্ষুব্ধ জনতা পুলিশের দুইটি গাড়ি ভাঙচুর করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, “গতকাল বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপরও হামলা হয়।”

এদিকে, হামলা ও অগ্নিসংযোগের পর দরবার শরীফ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও ঘটনাস্থলে ভিড় করছেন কৌতূহলী মানুষ।