কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সংশ্লিষ্ট এবং একজন কাতারের নিরাপত্তা বাহিনীর সদস্য।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আলোচনাকারী দলের নেতারা এ হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। হামলায় আহতও হয়েছেন কয়েকজন।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নিহতের সংখ্যা নিশ্চিত করা হলেও হামাসের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দোহার আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত আট দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ হামলার লক্ষ্য ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া ও পশ্চিম তীর শাখার প্রধান জাহের জাবারিন। হামলায় অংশ নেয় অন্তত ১৫টি যুদ্ধবিমান, যা মাত্র ১০ মিনিট স্থায়ী হয়।

হামাস এ ঘটনাকে ‘ঘৃণ্য অপরাধ’ আখ্যা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠক চলাকালীন সময়ে হামলা চালিয়ে প্রমাণ করেছে ইসরায়েল শান্তি আলোচনায় আগ্রহী নয়।

কাতারও এ হামলার নিন্দা জানিয়েছে।