ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদে তারা এককভাবে ২৩টি পদে জয়ী হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
শীর্ষ তিন পদ
- ভিপি: মো. আবু সাদিক (সাদিক কায়েম) – ১৪,০৪২ ভোট
- জিএস: এসএম ফরহাদ – ১০,৭৯৪ ভোট
- এজিএস: মুহা. মহিউদ্দীন খান – ১১,৭৭২ ভোট
তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীরা ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা, তবে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন তারা।
শিবির প্যানেলের বাইরে মাত্র পাঁচ পদে জয় পেয়েছেন ভিন্ন প্রার্থীরা। এর মধ্যে সমাজসেবা সম্পাদক হয়েছেন স্বতন্ত্র যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মুসাদ্দিক আলী, গবেষণা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সানজিদা আহমেদ তন্বী। এছাড়া সদস্য পদে জয় পেয়েছেন হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।
শিবির সমর্থিতদের অন্যান্য সাফল্য
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (১০,৬৩১ ভোট)
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার (৭,৮৩৩ ভোট)
- আন্তর্জাতিক সম্পাদক: খান জসিম (৯,৭০৬ ভোট)
- ক্রীড়া সম্পাদক: আরমান হোসাইন (৭,২৫৫ ভোট)
- মানবাধিকার ও আইন সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া (১১,৭৪৭ ভোট)
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এমএম আল মিনহাজ (৭,০৩৮ ভোট)
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম (৯,৩৪৪ ভোট)
এ ছাড়া সদস্য পদে অন্তত ১১ জন শিবির সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ