লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছেন বলে জানিয়েছে হাইকমিশন। তবে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে হামলার খবরকে ভিত্তিহীন বলে তারা স্পষ্ট করেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সেদিন লন্ডনে দুটি অনুষ্ঠানে যোগ দেন। প্রথম অনুষ্ঠান ছিল ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে (সোয়াস), যা হাইকমিশন আয়োজন করে। সেখানে প্রায় ১৮ জন আওয়ামী লীগ কর্মী স্লোগান দিলেও উপদেষ্টা নির্ধারিত সময়ে নির্বিঘ্নে অনুষ্ঠানে অংশ নেন এবং তার গাড়িতে কোনো ধরনের আক্রমণ হয়নি।
অনুষ্ঠান শেষে হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে তিনি নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় খালি দুটি হাইকমিশনের গাড়ি বের হলে কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং পরে সেই গাড়িগুলোতে ডিম নিক্ষেপ করে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরবর্তী অনুষ্ঠানে মাহফুজ আলম যথাসময়ে যোগ দেন এবং তার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি তৈরি হয়নি। এ ছাড়া লন্ডন মেট্রোপলিটন পুলিশ হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে।
প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ