চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। প্রীতিলতা হল সংসদে সংগঠনটি ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু ভবনে নির্বাচন কমিশনের অফিস থেকে ফরম সংগ্রহ করে প্যানেলটির ১৬ জন শিক্ষার্থী।
প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকবেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।
এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আফরিদা রিমা বলেন, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। আমাদের হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব ও ছোট নামাজ রুমের মতো বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবো। আমরা নারী শিক্ষার্থীদের সব ধরণের সমস্যা সমাধানে কাজ করতে চাই।
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ