সিঙ্গাপুর ইসরায়েলের বসতি স্থাপনকারী দলের কিছু নেতার ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দেশটি জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ হলে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান সোমবার পার্লামেন্টে বলেন, ইসরায়েলের কিছু রাজনীতিবিদ পশ্চিম তীর বা গাজার অংশ সংযুক্ত করার কথা বলছেন, যা শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তিনি ইসরায়েল সরকারকে বসতি নির্মাণ ও সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানান এবং বলেন, “আমরা দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে দুর্বল করার নতুন পরিস্থিতি তৈরির চেষ্টা সহ্য করতে পারি না।”

বালাকৃষ্ণান আরও জানান, সিঙ্গাপুর কখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, তা মূলত সময়ের ব্যাপার। তবে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির জন্য একটি কার্যকর সরকার প্রয়োজন, যারা ইসরায়েলের অস্তিত্বের অধিকার মানবে এবং সন্ত্রাসবাদকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করবে।