গ্রুপ পর্বেই বাংলাদেশের এশিয়া কাপের গল্প শেষ হবে এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন আকাশ চোপড়া ও রাসেল আরনল্ড। ভারত ও শ্রীলঙ্কার দুই সাবেক ক্রিকেটারকে ব্যর্থ প্রমাণ করে শেষ চারে সুযোগ পেয়েছে বাংলাদেশ।
সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে এখন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই লক্ষ্যেই আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা।
তবে উভয় সংস্করণ মিলিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে অসন্তুষ্টির কথা জানিয়েছেন কোচ ফিল সিমন্স।
সিমন্সের ক্ষুব্ধ হওয়ার কারণ সূচি। বাকি তিন দল এক দিনের বিরতি পেলেও বাংলাদেশ সুপার ফোরের শেষ দুই ম্যাচ পর পর দুই দিনে খেলবে। ভারতের বিপক্ষে খেলার পরের দিন পাকিস্তানের মাঠে নামবে বাংলাদেশ।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মতো টুর্নামেন্ট টানা দুই ম্যাচ সূচিতে রাখাটা ন্যায্য হয়নি বলে জানিয়েছেন সিমন্স।
ভারতের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অসন্তোষ প্রকাশ করে সিমন্স বলেছেন, ‘টানা দুটি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে খেলা সহজ নয়। এটা কোনো ভালো বিষয় নয়, তবে আমরা প্রস্তুত। কিন্তু টানা দুই দিনে দুটি টি-টোয়েন্টি খেলা ন্যায্য নয়।
মানুষ যেমনটা ভাবে, কাজটা তার চেয়ে অনেক কঠিন।’
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ