পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়। চুক্তির মেয়াদকাল নির্ধারণ করা হয় পাঁচ বছর।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে ওই সমঝোতা স্মারক সই হয়।
সমঝোতা স্মারকে দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মানোন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা, অধিপরামর্শ ও প্রচারাভিযান পরিচালনার পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।
এর আগে, দুদক ও টিআইবি পারস্পরিক সহযোগিতার জন্য ২০১৫ সালের ২৫ মে দুই বছর মেয়াদি সমঝোতা স্মারক সম্পাদন করেছিল। পরে ২০১৭ সালের ৫ জুন দুই বছর চার মাস মেয়াদি, ২০১৯ সালের ৭ অক্টোবর তিন বছর মেয়াদি এবং ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর তিন বছর মেয়াদি চার দফায় সমঝোতা স্মারক সম্পাদিত হয়। সেই ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি ৫ম দফা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।
দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করতে পাঁচ বছর মেয়াদি এই সমঝোতা স্মারকে সই করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ দুদক ও টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর
প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ