স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো শঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, “এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও বাড়ানো হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসারের দুই লাখ তিন হাজার ৫৬৪ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি ৭০ হাজার পুলিশ, এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৪৩০ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে। প্রতিটি পূজামণ্ডপে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।”

তিনি আরও বলেন, পূজাকে ঘিরে যদি কোনো গুজব ছড়ানো হয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, দুর্গাপূজার নিরাপত্তা, খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা।