সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অর্থ জোগানদাতা শাহেদ আহমেদ মজুমদারকে (৪১) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় দায়ের করা মামলায় রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহেদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে শাহেদকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
মামলার এজাহারে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশান থানার ডা. ফজলে রাব্বী পার্ক সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দেয় এবং চলন্ত গাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে।
এ ঘটনায় পরদিন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ