ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ারের সাম্প্রতিক বক্তব্যের দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর প্রচেষ্টায় নিন্দা জানিয়েছে দলটি।
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিলের ঘরোয়া আলোচনায় আলেমদের উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। এটি সম্পূর্ণ তাঁর নিজস্ব মতামত; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন। তারপরও এই বক্তব্যের দায় আমাদের ওপর চাপানো দুঃখজনক ও অনভিপ্রেত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাঁদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তাঁদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং আমাদের সংগঠনকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।
এমআর
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ