অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫-এ অংশ নিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ৯ সদস্যের একটি প্রতিনিধিদল আজ (৩০ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেছে। দুই দিনব্যাপী এ এক্সপো আগামী ১-২ অক্টোবর সিডনি মেসোনিক সেন্টারে (এসএমসি) অনুষ্ঠিত হবে।
সফরকালে ডিসিসিআই প্রতিনিধিদল অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ অনুসন্ধান করবে। পাশাপাশি তারা পণ্য প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন, বিটুবি মিটিং এবং বিষয়ভিত্তিক সেমিনারে অংশ নেবেন। এতে বাংলাদেশের পণ্য ও সেবার প্রসার, আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার এবং নতুন বাণিজ্য ও বিনিয়োগের দ্বার উন্মোচনের সুযোগ তৈরি হবে।
এক্সপোতে তৈরি পোশাক, জুতা, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, খাদ্য ও ফলমূল, পর্যটন, কৃষি, ফার্নিচার, হস্তশিল্প এবং রিয়েল এস্টেট খাতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ডিসিসিআই থেকে অংশগ্রহণকারী ৯টি কোম্পানি হলো: টেক্সট্রেড কর্পোরেশন, ফিঙ্গারটাচ সার্ভিসেস, ফারইস্ট হোল্ডিংস লিমিটেড, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড, চৌধুরী শাজ্জাদ মনোয়ার চার্টার্ড একাউন্ট্যান্টস, নায়িশা এন্টারপ্রাইজ লিমিটেড, টোরি ক্রেডিট রিপোর্টস অ্যান্ড কালেকশনস লিমিটেড, টেকফিনা বিপিও অ্যান্ড কর্পোরেট অ্যাডভাইজারি লিমিটেড এবং আল-আরাফাহ পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এমআর
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ