বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রদূত নিকোলাস উইকস বৈঠকে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ সময় বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসায়-বাণিজ্য এবং কূটনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে।

বৈঠকে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিন উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানা আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদুল ইসলাম।