বহিঃশক্তির কোনো হামলার মুখে পড়লে কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
আদেশে বলা হয়— বহিরাগত আক্রমণ থেকে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা যুক্তরাষ্ট্রের নীতি। কাতারকে যুক্তরাষ্ট্রের একটি “অটল মিত্র” হিসেবে উল্লেখ করা হয়েছে।
কাতারের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখা হবে।
প্রয়োজনে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থা গ্রহণ করবে ওয়াশিংটন।
প্রেক্ষাপট-
সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় একজন কাতারি নাগরিক নিহত হন। এ ঘটনার পরই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তারা যৌথভাবে ফোন করে এই দুঃখপ্রকাশ করেন। সূত্র: আল জাজিরা
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ