জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান শুক্রবার (৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।
মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতিমূলক পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এ সময় আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান তিনি। ড. খলিলুর রহমান জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলনে ছয় কোটি ডলার সহায়তার ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।
ড. খলিলুর রহমান মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরপের সঙ্গে পৃথক বৈঠকেও বসেন। সেখানে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া তিনি মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সম্প্রতি সমাপ্ত শুল্ক আলোচনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
খলিলুর রহমান বলেন, বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তিনি শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। উত্তরে লিঞ্চ বলেন, শুল্ক চুক্তি কার্যকর হলে এবং বাণিজ্য ব্যবধান হ্রাস পেলে বিষয়টি পূর্ণ বিবেচনা করা হবে।
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ