ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে সিরাজদীখান উপজেলার চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত আটজন।
নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও তিনি ইমাদ পরিবহনের হেলপার বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, মাওয়ামুখী লেনে হানিফ পরিবহনের একটি বাস নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির ইমাদ পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার নিহত হন। আহত চালকসহ আটজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ বলেন, “দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে সড়ক স্বাভাবিক আছে।”
প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ