দেশের প্রথম নারী এগ্রি ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত উম্মে কুলসুম পপি এখন সফল কৃষি উদ্যোক্তা। স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব খাদ্য উৎপাদনকে পেশা হিসেবে বেছে নিয়ে তিনি অনলাইনে নিরাপদ ফল বিক্রি করে গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা।
পপি জানান, বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করাই তার লক্ষ্য। এজন্য তিনি ‘সেফ ফার্মিং’ বা ক্ষতিকারক কীটনাশক ও কৃত্রিম সারবিহীন চাষাবাদকে উৎসাহিত করেন। তার মতে, এভাবে উৎপাদিত খাবার স্বাস্থ্য ও পরিবেশ—উভয়ের জন্যই উপকারী।
তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষিবিষয়ক ভিডিও তৈরি ও প্রকাশ করেন। সপ্তাহে পাঁচ থেকে সাতটি ভিডিওর মাধ্যমে মানুষকে পরিবেশবান্ধব কৃষিকাজে অনুপ্রাণিত করছেন তিনি। তার ভিডিও দেখে অনেক তরুণ-তরুণী কৃষিক্ষেত্রে আগ্রহী হচ্ছেন।
উম্মে কুলসুম পপি বলেন,
> “আমি বাংলাদেশের উত্তরবঙ্গের মেয়ে। একজন মেয়ে হয়ে উদ্যোক্তা হওয়া, তাও আবার অনলাইনভিত্তিক ব্যবসা—শুরুতে কেউ ইতিবাচকভাবে নেয়নি। কিন্তু আমি থেমে থাকিনি।”
সব বাধা পেরিয়ে এখন তিনি দেশের অন্যতম সফল নারী কৃষি উদ্যোক্তা। নিজের ব্র্যান্ডের পণ্য বিক্রির পাশাপাশি তিনি কৃষিনির্ভর কনটেন্ট তৈরি করে আয় করছেন এবং বাংলাদেশের নারীদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছেন।
প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ