আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে মিত্র দলগুলোর আসন ভাগাভাগি নিয়ে আলোচনা জোরদার হয়েছে। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নির্বাচন করতে চায় বিএনপি। এ জন্য শতাধিক আসন দাবি করেছে মিত্ররা। ইতোমধ্যে বেশ কয়েকটি দল সম্ভাব্য প্রার্থীর তালিকাও বিএনপির কাছে জমা দিয়েছে।
সূত্র জানায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চায় ১৫টি আসন। গণফোরামও চাইছে একইসংখ্যক আসন, যার মধ্যে রয়েছে ঢাকা-৬। গণতন্ত্র মঞ্চ চাইছে অর্ধশতাধিক আসন, এ নিয়ে তারা অভ্যন্তরীণ বৈঠক করেছে এবং ছয় সদস্যের একটি কমিটি প্রার্থী তালিকা প্রস্তুত করছে।
অন্যদিকে, ১২ দলীয় জোট চাইছে অন্তত ২০টি আসন এবং জাতীয়তাবাদী সমমনা জোটের দাবি ৯টি আসনের।
প্রাপ্ত তালিকা অনুযায়ী—
নড়াইল-২: এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ
কিশোরগঞ্জ-২: এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা
বগুড়া-১: জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান
চট্টগ্রাম-১: গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী
মানিকগঞ্জ-১: বাংলাদেশ সাম্যবাদী দলের ডা. সৈয়দ নূরুল ইসলাম
ঢাকা-১৭: বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান
বাগেরহাট-১: বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত
দিনাজপুর-২: ডেমোক্রেটিক লীগের মাহবুব আলম
ফেনী-৩: এনডিপির আব্দুল্লাহ আল হারুন
বিএনপির হাতে আরও কয়েকটি মিত্র দলের প্রাথমিক তালিকা রয়েছে। কিছু দল কৌশলগত কারণে এখনই বিষয়টি প্রকাশ করছে না।
দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, প্রার্থীদের প্রথমে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হবে। মাঠপর্যায়ে তাদের সক্রিয়তা পর্যবেক্ষণ করে তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ড আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা চূড়ান্ত করবে।
প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ