তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে অন্তত এক হাজার পর্যটক আটকা পড়েছেন। গত দুই দিনের ভারী তুষারপাতের কারণে পর্বতে ওঠা-নামার পথ বন্ধ হয়ে গেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, রবিবার পর্যন্ত কিছু পর্যটককে নামিয়ে আনা সম্ভব হলেও অধিকাংশই এখনো ক্যাম্পে আটকা আছেন।

এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার উঁচুতে অবস্থিত। জমে থাকা তুষার সরাতে উদ্ধারকর্মীদের সঙ্গে স্থানীয় শতাধিক বাসিন্দা কাজ করছেন।

তুষারপাত শুরু হয়েছিল শুক্রবার সন্ধ্যায়, যা শনিবারও অব্যাহত থাকে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়ায় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার রাত থেকে এভারেস্ট ভ্রমণের টিকিট বিক্রি ও প্রবেশ বন্ধ করে দেয়।

এদিকে হিমালয় ঘেঁষা প্রতিবেশী দেশ নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সেতু ও সড়কপথ।
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতেও ভারী বৃষ্টিপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমের সঙ্গে।