ভারতের সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি বিএআর গাভাইয়ের দিকে একটি জুতা ছোড়েন ৭১ বছর বয়সী এক আইনজীবী। তবে জুতাটি বিচারপতির আসনে পৌঁছায়নি। সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে হেফাজতে নেয়।
ঘটনাটি ঘটে প্রধান বিচারপতি গাভাই দিনের প্রথম মামলার শুনানি শুরু করার সময়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রবীণ আইনজীবী স্লোগান দিতে দিতে হঠাৎ জুতা নিক্ষেপ করেন এবং চিৎকার করে বলেন, ‘সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না।’
তবে পরিস্থিতি উত্তপ্ত না করে প্রধান বিচারপতি গাভাই সংযম বজায় রেখে বলেন, “আমি এমন ঘটনায় সবচেয়ে কম প্রভাবিত ব্যক্তি।” এরপর তিনি স্বাভাবিকভাবে শুনানি চালিয়ে যান।
পুলিশ জানায়, অভিযুক্তের নাম কিশোর রাকেশ। তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী বা ক্লার্কদের জন্য বরাদ্দ করা প্রক্সি কার্ডের মাধ্যমে প্রবেশ করেছিলেন। তার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি; বর্তমানে নিরাপত্তা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।
ঘটনার সময় উপস্থিত এক আইনজীবী বলেন, “প্রধান বিচারপতি পুরো সময় শান্ত ছিলেন।”
সিনিয়র জ্যুরিস্ট ইন্দিরা জয়সিং এ ঘটনাকে ‘সুপ্রিম কোর্টের মর্যাদার উপর সরাসরি আক্রমণ’ বলে উল্লেখ করে বলেন, “এটি সম্পূর্ণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। বিচারপতিরা যৌথভাবে এই ঘটনার নিন্দা জানানো উচিত।”
সূত্র- এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ