সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পরিষদের নির্বাচন ফলাফল। নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গঠনতন্ত্র অনুযায়ী এবার তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় আরও দুইজন পরিচালক যুক্ত হয়েছেন।

ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ):

চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান, ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ- রাহাত শামস, রাজশাহী বিভাগ- মোখলেসুর রহমান, রংপুর বিভাগ- হাসানুজ্জামান।

ক্যাটাগরি–২ (ঢাকার ক্লাবসমূহ):

ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি–৩ (সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান): খালেদ মাসুদ পাইলট।

এনএসসি কোটা- এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত মোট ২৫ পরিচালক পরবর্তীতে নিজেদের মধ্য থেকে সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করেন।

নতুন নেতৃত্বের হাতে আগামী মেয়াদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে শিগগিরই।