বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ. বেরিস একিনজি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন-এর নেতৃত্বে ৪ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া, বাংলাদেশে বিভিন্ন সেক্টরে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ