ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩০–৩৫ জন যাত্রী বহনকারী বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের ঘুমারউইনের পথে যাচ্ছিল। পথে অবিরাম বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়লে সেটির নিচে চাপা পড়ে পুরো বাসটি।

তাৎক্ষণিকভাবে অনেক যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের জন্য প্রতি জনে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে—

> “হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশে বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনা ঘটছে।

সূত্র: গালফ নিউজ, রয়টার্স, এনডিটিভি নিউজ