বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্দ্রোনিকো আলেসান্দ্রো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে জানা গেছে।

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক খোঁজ-খবর নেন এবং তাঁর পূর্ণ আরোগ্য কামনা করেন। আলোচনায় উভয়পক্ষ বাংলাদেশ ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ইতালি দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর ফেদেরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।
জামায়াত আমীরের সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।