গাজামুখী কনশানস (Conscience) নামের নৌযান থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন,

> “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে।”

তিনি আরও বলেন,

> “আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে শহিদুল আলম জানিয়েছিলেন, তারা বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ বা বিপজ্জনক এলাকায় প্রবেশ করবেন বলে আশা করছেন।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (Freedom Flotilla Coalition) কর্তৃক আয়োজিত এই মানবিক মিশনের ৯টি জাহাজের বহরে অন্তত ১০০ জন সক্রিয় কর্মী ছিলেন। ‘কনশানস’ নামের জাহাজটি প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে।