ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধার ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির কূটনৈতিক উইংয়ের এক সদস্য জানান, বৈঠকে বিএনপি মহাসচিব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন।