বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় ধাক্কা। বিসিবি নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা এবার ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান।

তিনি জানান, বিসিবি নির্বাচন সুষ্ঠুভাবে না হওয়ায় এবং সংগঠকদের দাবি উপেক্ষা করায় তারা ঘরোয়া ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন।

এর আগে, গত শনিবার ক্লাব নির্বাচন স্থগিতসহ তিন দফা দাবি জানিয়েছিলেন এই সংগঠকরা। তাদের প্রস্তাব ছিল— বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ বাড়িয়ে নতুন নির্বাচন তফসিল ঘোষণা করা বা বিকল্প হিসেবে অ্যাডহক কমিটি গঠন করে নতুন নির্বাচন কমিশনের অধীনে ভোট আয়োজন করা।

তবে সংগঠকদের হুমকি উপেক্ষা করেই গত ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন,

> “আমাদের অস্তিত্বকেই অস্বীকার করা হয়েছে এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। তাই বাধ্য হয়েই আমরা আসন্ন সব ঘরোয়া প্রতিযোগিতা বর্জনের ঘোষণা দিচ্ছি।”

এ সময় তিনি নতুন নির্বাচিত সভাপতি বুলবুলকে “অবৈধ” বলে দাবি করেন এবং বিদ্রোহী সংগঠক হিসেবে তাদের চিহ্নিত করায় আপত্তি জানান।