বাংলাদেশি আলোকচিত্র শিল্পী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনীর আটক করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে বলেন,

> “ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’র কনশানসসহ একাধিক জাহাজকে আন্তর্জাতিক পানিসীমায় আটক করেছে ইসরায়েলি বাহিনী। এতে থাকা ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীর সঙ্গে বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমও আটক হয়েছেন।”

বিবৃতিতে তিনি ইসরায়েলের এই পদক্ষেপকে “আন্তর্জাতিক আইন ও মানবতার পরিপন্থী” বলে মন্তব্য করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,

> “গাজাবাসীর জন্য খাদ্য, পানি ও ওষুধ বহন করা এই নৌযানগুলোকে আটক করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক সহায়তা গন্তব্যে পৌঁছাতে কাউকে বাধা দেওয়া যায় না।”

তিনি আরও বলেন,

> “গাজাবাসীর প্রাণরক্ষায় পাঠানো ত্রাণবাহী জাহাজগুলো যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য ইসরায়েলের ওপর অবিলম্বে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। একইসাথে আটক শহিদুল আলমসহ সকল মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।”