বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূত মি. আবদেল ওহাব সাইদানি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের পারস্পরিক সম্পর্ক, গণতন্ত্র টেকসইকরণ, বিনিয়োগ ও কূটনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তারা ভবিষ্যতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে উন্নয়ন ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।