দেশের নানা সময়ের সংকটে কখনও পিছু হটেননি উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিনি আগামীতেও দেশে থাকবেন।
তিনি বলেন, “এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে— কারা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চায়।”
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের লক্ষ্য। সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “কোন দল নির্বাচনে অংশ নেবে, তা সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।”
প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করেছেন এবং তারা নিজেদের সেফ এক্সিট নিয়ে ভাবছেন।
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ