ঢাকায় নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমীরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব মিশন মিস. আনজা কারস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।
বৈঠকটি অনুষ্ঠিত হয় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আলোচনার শুরুতে রাষ্ট্রদূত ড. লোটজ জামায়াত আমীরের শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
বৈঠকে উভয় পক্ষ আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের জন্য আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার জন্য জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বৈঠকে বাংলাদেশের মানবাধিকার, টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ বিষয়েও গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।
জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন— সংগঠনটির
সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানা জামায়াতের আমীর ডা. এসএম খালিদুজ্জামান।
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ