পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের জেরে চরমে পৌঁছেছে দুই দেশের মধ্যে উত্তেজনা। এর ধারাবাহিকতায় আজ রোববার (১২ অক্টোবর) পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের দুটি প্রধান সীমান্তপথ— তোরখাম ও চামান— বন্ধ করে দিয়েছে। এ ছাড়াও অন্তত তিনটি ছোট সীমান্তপথ— খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খানও বন্ধ রাখা হয়েছে।
তবে আফগান সরকারের পক্ষ থেকে এখনো সীমান্ত বন্ধের বিষয়ে কোনো মন্তব্য জানানো হয়নি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার রাতভর দুই দেশের সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। আফগান তালেবান দাবি করেছে, সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে, পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তারাও আফগান বাহিনীর ওপর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছেন, তবে সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি।
এ ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র- রয়টার্স।
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ