জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দলীয় নির্দেশে তাকে সাময়িকভাবে সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় এনসিপির দফতর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।
এক কারণ দর্শানো নোটিশে জানানো হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই অব্যাহতি আদেশ জারি করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, মুনতাসির মাহমুদ কেন স্থায়ীভাবে অব্যাহতি পাবেন না, তার লিখিত ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে হবে।
এর আগে মুনতাসির বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করছিলেন।
দল থেকে অব্যহতি প্রদান করা হলে প্রতিক্রিয়ায় তিনি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে এবং জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে। এক আল্লাহ ছাড়া আর কারো কাছে এই শির নত হবে না!’
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ