সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

যদিও এর আগে গতকাল সোমবার (১৩ অক্টোবর) সব ধরণের ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তি দিয়ে তারা নতুন দাম ঘোষণা পরে। এবং মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিনের দাম ১৭৭ টাকা এবং পাম তেলের দাম ১৬৩ টাকা করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছে। ১৪ অক্টোবর (মঙ্গলবার) থেকে নতুন দাম কার্যকর হবে।