২০২৪ এর জুলাই-আগস্টের আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন হানিফসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছিল। তবে হাজির না হওয়ায় তাদের গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জাতীয় দৈনিক দুটি পত্রিকায় এ বিজ্ঞপ্তি দেওয়া হবে।
অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তবে চারজনই পলাতক রয়েছেন।
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ