ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানির ২৩ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন– অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ইনুর পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী নাজনীন নাহার বলেন, এ মামলায় মোট ১৭০০ পৃষ্ঠার অভিযোগপত্র পড়তে ও প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আট সপ্তাহ সময়ের প্রয়োজন। পরে আসামির সঙ্গে তিনদিন দুই ঘণ্টা করে কথা বলার অনুমতি দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করা হয়।

এ দিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ইনুকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। তার উপস্থিতিতেই নতুন দিন ধার্য করা হয়।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।