শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলীর (রুটিন দায়িত্ব) দায়িত্ব পেলেন রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: তারেক আনোয়ার জাহেদী। তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও প্রধান প্রকৌশলীর (রুটিন দায়িত্ব) দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রনালয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত শর্তে নিজ বেতন ও বেতনক্রমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব (প্রশাসনিক, আর্থিক ক্ষমতাসহ) দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, বর্তমানে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পালনকারী মো. আলতাফ হোসেনকে রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
এর আগে তার বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।
এমআর
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ