বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভা চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে এই বিস্ফোরণ ঘটে।
এর আগে দুপুর ৩টার দিকে সভায় যোগ দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন।
জানা গেছে, জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন।
তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ