বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আগামী ২৫ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জেনরা ফ্যাশন ওডিসি–২০২৫: ক্যাম্পাস এডিশন’।
ফ্যাশন ব্র্যান্ড জেনরা’র উদ্যোগে এবং বুটেক্স ফ্যাশন সোসাইটি’র সহ-আয়োজনে এই আয়োজনে দেশের তরুণ শিক্ষার্থী ও নবীন ডিজাইনাররা তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও ডিজাইন দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

দিনব্যাপী এই আয়োজনে সকাল ৮টা থেকে রেজিস্ট্রেশন ও চেক-ইন শুরু হবে। সকাল ১০টায় উদ্বোধনী পর্বে থাকবে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়। এরপর অনুষ্ঠিত হবে ‘ইন্টারলেসিং বাংলাদেশ’স ফ্যাশন ডেসটিনি’ শীর্ষক একটি ওপেন ওয়ার্কশপ, যেখানে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
এই সেশনে অংশগ্রহণকারীরা তাদের সৃষ্টিশীল কাজ প্রদর্শনের সুযোগ পাবেন।

দুপুরের পর শুরু হবে প্রতিযোগিতার মূল আকর্ষণ ‘জেনরা গ্র্যান্ড রানওয়ে শো’, যা চারটি বিশেষ বিভাগে অনুষ্ঠিত হবে। এতে প্রতিযোগীরা তিনটি ক্যাটাগরিতে ডিজাইন উপস্থাপন করবেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘হেরিটেজ টু রানওয়ে: দ্য এক্সপেডিশন অব বাংলাদেশি ফ্যাশন’ শীর্ষক ইন্টারঅ্যাকটিভ প্যানেল ডিসকাশন, যেখানে দেশের খ্যাতনামা ফ্যাশন উদ্যোক্তা, ডিজাইনার ও পেশাজীবীরা তরুণ প্রজন্মের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন—
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও মাত্রা অ্যাডভার্টাইজিং-এর সহ-প্রতিষ্ঠাতা আফজাল হোসেন,
বিবিয়ানা’র প্রতিষ্ঠাতা লিপি খন্দকার,
বিশ্বরঙের প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা,
ঢাকা কিচ-এর প্রতিষ্ঠাতা কুহু প্লামন্দন,
প্রথম আলো হাল ফ্যাশন কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান,
মাস্কো গ্রুপের জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) শেখ মামুন ফেরদৌস,
মাস্কো ডিজাইন হাবের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী তৌহিদুল আলম
এবং ব্লুচিজ-এর চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বি, সহ আরও অনেকে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্যাটাগরিতে দুই থেকে তিনটি ডিজাইন জমা দেওয়ার সুযোগ পেয়েছেন। নির্বাচিত ডিজাইনাররা তাদের ডিজাইন রানওয়েতে উপস্থাপন করবেন এবং ইমার্জিং ডিজাইনারস প্ল্যাটফর্মে ফিচার হওয়ার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার ও মেন্টরশিপ পাবেন।