বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,

> “একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে— জামায়াত সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “ঐকমত্য কমিশনে লিখিতভাবে জামায়াতই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনকভাবে এই সমালোচনা করেছেন। কেউ তাদের নাম নেয় না, তারা চায় জামায়াত যেন তাদের নিয়ে কথা বলে।”

তিনি আরও বলেন, “চব্বিশের আন্দোলনে তারাও ভূমিকা রেখেছে। তারা জুলাই যোদ্ধা, তাদের প্রতি জামায়াতের শ্রদ্ধা ও দোয়া থাকবে। তবে অশ্লীল ও অরাজনৈতিক ভাষা কোনো রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয়।”

হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন,

> “হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায় ভোট দিলে অতীতের সব সরকারের তুলনায় জামায়াতের শাসনেই তারা নিরাপদে থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই মানবিক বাংলাদেশ— যেখানে জুলুম, নির্যাতন বা অন্যায় থাকবে না।”

নোয়াখালীতে এক সমাবেশে বিএনপি নেতার ‘ক্ষমতায় গেলে জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে’— এই মন্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন,

> “যদি এমন কথা বলে, তাহলে বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শোনা যায়।”