জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,

> “বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত তিনজন আসামিকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম–পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আগামীকাল সকালে বিস্তারিত জানানো হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি সামি আরও বলেন, মাহির রহমানকে তার মা থানায় হস্তান্তর করেছেন—এই বিষয়ে তিনি অবগত নন। “কাল সকালে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে,” যোগ করেন তিনি।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, প্রেমঘটিত বিরোধের জের ধরেই জোবায়েদকে খুন করা হয়।

তিনি বলেন,

> “বর্ষা ও তার বন্ধু মাহির রহমানের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে।”

গতকাল (রোববার) বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের ১৫ নম্বর বাড়ির তৃতীয় তলার সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন জোবায়েদ হোসাইন।
তিনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি।