বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বুধবার (২২ অক্টোবর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি এই দায়িত্বে থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কার্যক্রম তত্ত্বাবধান করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।”

লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে যুক্ত হন হুমায়ুন কবির। এরপর থেকেই তিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন।

দীর্ঘদিন ধরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা এই কূটনীতিককে যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার মাধ্যমে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কার্যক্রম আরও জোরদার করতে চায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন হুমায়ুন কবির। আগামী জাতীয় নির্বাচনে সিলেট-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও রয়েছে তার।