ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারের চাকা আটকে যাওয়ার পর নবনির্মিত কংক্রিট হেলিপ্যাডের একটি অংশ ধসে পড়ে। বুধবার (২২ অক্টোবর) কেরালার পাঠানমথিত্তার রাজীব গান্ধী স্টেডিয়ামে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবতরণের কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ভেঙে পড়ে এবং হেলিকপ্টারের পেছনের অংশ কিছুটা ঢুকে যায়। তবে উপস্থিত দমকল ও পুলিশ সদস্যরা দ্রুত হাত দিয়ে ঠেলে কপ্টারটি নিরাপদ স্থানে সরিয়ে নেন।

স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘‘শেষ মুহূর্তে প্রামাদম এলাকায় অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। রাতারাতি সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। কিন্তু কংক্রিট পুরোপুরি শক্ত না হওয়ায় সেটি হেলিকপ্টারের ওজনের ভার নিতে পারেনি।’’

চার দিনের কেরল সফরে আছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে তিনি শবরীমালা মন্দির পরিদর্শনে যাচ্ছিলেন। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।