জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই এতে স্বাক্ষর করবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন,
> “আজকের বৈঠকে আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। আমরা সরকারের কাছে আমাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছি। জুলাই সনের কাগুজে মূল্যে আমরা বিশ্বাসী নই। এটি বাস্তবায়ন কীভাবে হবে— সেই নিশ্চয়তা পাওয়ার পরই আমরা সই করব।”
বিকেল ৫টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল যমুনায় পৌঁছায়। দলে আরও ছিলেন— উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
গত ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন।
এর আগে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ