বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) একদল শিক্ষার্থী কচুরিপানা ও পুনর্ব্যবহৃত ডেনিম ব্যবহার করে পরিবেশবান্ধব জুতা তৈরি করেছেন, যার নাম দিয়েছেন ‘ইকো স্টেপ’। উদ্ভাবনী এই প্রকল্পটি সম্প্রতি ‘রাউন্ডটেবিল গ্লোবাল ইউথ অ্যাওয়ার্ডস–২০২৫’-এর ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে।
গ্রামীণ অঞ্চলে কচুরিপানা পরিবেশের জন্য উপদ্রব হিসেবে পরিচিত, অন্যদিকে ফেলে দেওয়া ডেনিম কাপড় পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। এই দুই সমস্যার সমাধানেই বুটেক্সের চার শিক্ষার্থী অন্বয় দেবনাথ, অর্ণব হালদার, ফারদীন বিন মনির ও তাশফিক হোসাইন পরীক্ষামূলকভাবে এই জুতা তৈরি করেন।
প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মারজিয়া দুলাল। শিক্ষার্থীরা কচুরিপানা দিয়ে জুতার ইনসোল ও আউটার সোল এবং পুনর্ব্যবহৃত ডেনিম দিয়ে বাইরের আবরণ তৈরি করেছেন।
এবারের রাউন্ডটেবিল গ্লোবাল ইউথ অ্যাওয়ার্ডস-এ ৯০টিরও বেশি দেশ থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে ‘ইকো স্টেপ’ এনভায়রনমেন্ট ইনোভেশন ক্যাটাগরিতে সেরা তিনের মধ্যে জায়গা করে নিয়েছে। আগামী ৮ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে কিংস্টন ভেন্যুতে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
তবে সময় ও ব্যয়ের সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা সরাসরি যুক্তরাজ্যে যেতে না পারলেও অনলাইনে অনুষ্ঠানে অংশ নেবেন।
অর্ণব হালদার বলেন,
> “ফাইনালে নির্বাচিত হওয়ার খবরটা গতকাল (২১ অক্টোবর) ইমেইলে জানানো হয়। ভিসা ও খরচের সীমাবদ্ধতা থাকায় সরাসরি যেতে পারছি না, তবে অনলাইনে যুক্ত থাকব।”
অন্বয় দেবনাথ বলেন,
> “এত বড় আন্তর্জাতিক পুরস্কারের ফাইনালে ওঠা কল্পনাতেও ছিল না। বুটেক্সের নাম আন্তর্জাতিকভাবে পৌঁছে দিতে পারাটা আমাদের জন্য গর্বের।”
প্রকল্পের তত্ত্বাবধায়ক ড. মারজিয়া দুলাল বলেন,
> “এই সাফল্যের পুরো কৃতিত্ব শিক্ষার্থীদের। ফাইনালে ওঠাটাই বুটেক্স ও আমাদের বিভাগের জন্য বড় অর্জন।”
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাসুম বলেন,
> “বৃত্তাকার অর্থনীতির যুগে টেক্সটাইল বর্জ্য থেকে জুতা তৈরি একটি যুগান্তকারী উদ্যোগ। সরকারের উচিত এ ধরনের উদ্ভাবনে গবেষণা সহায়তা দেওয়া।”
উল্লেখ্য, রাউন্ডটেবিল গ্লোবাল ও লেগ্যাসি প্রজেক্ট গ্লোবাল যৌথভাবে এই আন্তর্জাতিক পুরস্কার আয়োজন করে। ১১ থেকে ২৫ বছর বয়সী তরুণদের সমাজ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার স্বীকৃতি দেওয়া হয় এই পুরস্কারের মাধ্যমে। এবারের আসরের মূল থিম— “Environmental Regeneration”।
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ