অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি।
আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক একাউন্টে তিনি এসব কথা লেখেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই বিষয়টির নিষ্পত্তি করা প্রয়োজন। আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি প্রস্তাব করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ এবং চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের—যে দলই সরকার গঠন করুক না কেন—কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না—এ মর্মে একটি অধ্যাদেশ জারি করা হলে সমস্যার সুরাহা হতে পারে।
তবে তিনি শর্ত দিয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।
সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ফাওজুল কবির খানের নামও এক দলের তালিকায় আসে। সেই প্রেক্ষিতেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন বলে জানা গেছে।
এমআর
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ