যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো আমদানি করা গমের চালান বাংলাদেশে পৌঁছেছে। শনিবার ভোরে ‘নোর্স স্ট্রাইড’ নামের জাহাজে করে ৫৬ হাজার ৯৫৯ টন গম চট্টগ্রাম বন্দরে নোঙর করে।
এই চালানের মধ্যে প্রায় ৩৪ হাজার ১৭০ টন গম চট্টগ্রাম সাইলোতে এবং বাকি ২২ হাজার ৭৮৯ টন মোংলা বন্দরে খালাস করা হবে বলে বন্দরের সূত্র জানিয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি টিম নমুনা সংগ্রহ ও খালাস কার্যক্রম তদারকি করছে। নমুনা পরীক্ষার পর দ্রুত খালাস কাজ শুরু হবে বলে জানা গেছে।
বাংলাদেশ এতদিন রাশিয়া, ইউক্রেন ও ভারতসহ কয়েকটি দেশের ওপর নির্ভর করে গম আমদানি করে আসছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন জিটুজি (G2G) চুক্তির মাধ্যমে আমদানির এ নতুন পথ উন্মুক্ত হলো।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৪০ হাজার টন গম বাংলাদেশে আসবে।
বাংলাদেশে বছরে ৮০ লাখ টনের বেশি গমের চাহিদা থাকলেও উৎপাদন হয় মাত্র ১১ লাখ টন—ফলে বড় অংশ আমদানিনির্ভর।
যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ শুরু হওয়ায় রাশিয়া থেকে আমদানির ওপর নির্ভরতা কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ণ