রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার নিহত পথচারীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। নিহতের দাফন-কাফনের সমস্ত খরচ সরকার বহন করবে। পাশাপাশি নিহতের পরিবারের কর্মক্ষম ও বেকার সদস্য থাকলে, তার যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।

গঠিত কমিটির আহ্বায়ক সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। সদস্যরা হলেন— বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান, এমআইএসটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, ডিএমটিসিএল-এর লাইন-৫ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। উপসচিব আসফিয়া সুলতানা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটি ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংঘটিত পূর্ববর্তী অনুরূপ দুর্ঘটনার প্রতিবেদনও পর্যালোচনা করবে এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নসহ দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, মন্ত্রণালয় ও ডিএমটিসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।