জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোর প্রকল্পসমূহের যথাসময়ে ও মানসম্পন্ন বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য প্রতিটি প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
রোববার পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার (২৫ অক্টোবর) সিলেটে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি খাতকে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নেওয়া।” প্রকল্প পরিচালকগণ হচ্ছেন বাস্তবায়নের মূল নেতৃত্ব, তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের ওপরই প্রকল্পের সফলতা নির্ভর করে বলে মন্তব্য করেন সচিব।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমানের সভাপতিত্বে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আছমা আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসি।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান। এতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত কর্মশালা শেষে প্রকল্প বাস্তবায়ন পরিচালকদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জালালাবাদ গ্যাস অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এমআর
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ