পতিত আওয়ামী লীগ ফ্যাসিবাদী হওয়ার জন্য জাতীয় পার্টি সব থেকে বড় দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। অথচ সেই দলটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে কোনোভাবেই যেন ফ্যাসিবাদদের কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না, সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, গণঅধিকার পরিষদের ভাইয়েরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন। নুরুল হক নুর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। বাংলাদেশ এই সময়টাতে একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। বাংলাদেশের রাষ্ট্রকাঠামোতে পরিবর্তন আসবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে, বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য থাকবে। সেই বিষয়গুলোকে ধারণ করে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি। অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি। জুলাই সনদের আইনে দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। তারপর এখন পর্যন্ত সেই জায়গাটিকে আমরা সুনিশ্চিত করতে পারিনি।
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ